প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
১২ ফেব্রুয়ারিতেই ভোট, এক দিনও এদিক–ওদিক নয়: ইউনূস

নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে সংশয় ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা স্পষ্টভাবে নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্ধারিত সময়ের এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়—আগামী ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালবার্ট গম্বিস ও সাবেক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মর্স ট্যানের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত অপতথ্য ছড়ানোর চেষ্টা চলছে, তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন, ফল প্রকাশ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নির্বাচনকালে সরকার থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ, প্রশাসন হবে পক্ষপাতমুক্ত, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জুলাই সনদ জনগণের সমর্থনে অনুমোদিত হলে তা গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াতে ভুয়া খবর ও এআই-সৃষ্ট ভিডিও ব্যবহার করছে, যদিও জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি, তরুণদের আন্দোলন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগের সম্ভাবনাও আলোচনায় আসে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা তিনি নিবিড়ভাবে অনুসরণ করলেও বর্তমান বাস্তবতায় বাংলাদেশে এমন উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় এখনও আসেনি, কারণ সত্য স্বীকার, অনুশোচনা ও অনুতাপের পরিবেশ এখনো তৈরি হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD